গাজীপুরে জয়দেবপুর জংশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের পেছন দিকে তুরাগ ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষে মামুনুর রশিদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । এ সময় ৫ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
মামুনুর রশিদ ময়মনসিংহের ফুলপুর এলাকার আবুল কাশেমের ছেলে। তারা স্বপরিবারে জয়দেবপুর জংশনের পাশ্ববর্তী পূর্বচান্দনা গ্রামের বারেক হাজীর বাড়িতে ভাড়া থাকেন।
আহতরা হলেন- সজিব (১৩), রিয়েল (১৪), আতাউর রহমান (৩০), আলী আজম (৫২) ও সুমন মিয়া (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ৭টার দিকে জয়দেবপুর জংশনে যাত্রা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ সময় তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ৩নং লাইন দিয়ে ইঞ্জিন ঘুরানোর সময় ওই ইঞ্জিনটি দ্রুতযানের পেছন দিকে আঘাত করে। এতে ওই ট্রেনের পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং পেছনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
সংঘর্ষে শিশু মামুনুর রশিদ ঘটনাস্থলেই মারা যায় এবং ৫ যাত্রী আহত হয়।এদিকে দুর্ঘটনা কবলিত দ্রুতযানের যাত্রীদের পরে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়ে ঢাকায় পাঠানো হয়।
জংশন ফাঁড়ির এএসআই দানন মিয়া জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।
এমবি





