শ্রমিকদের সব পাওনা পরিশোধ ও কারখানা পুনরায় চালু করতে শ্রমমন্ত্রীকে ৪৮ ঘণ্টার আলিটমেটাম দিয়েছে তোবার গ্রুপ সংগ্রাম কমিটি।
রোববার দুপুরে সচিবালয়ের সংযোগ সড়কে এক বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা এ আল্টিমেটাম দেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শ্রমমন্ত্রণালয় ঘেরাও করতে গেলে সচিবালয়ের সংযোগ সড়কে শ্রমিকদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ সমাবেশ করে শ্রমিক সংগঠনটি।
এসময় বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধসহ পুনরায় কারখানা চালু করতে হবে। অথবা এই সময়ের মধ্যে শ্রমমন্ত্রীকে নির্দিষ্ট সময় বলে দিতে হবে। না হলে কঠিন আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে তোবা গ্রুপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু বলেন, আমরা জীবন বাজি রেখে মৃত্যুর সাথে লড়াই করে তিন মাসের বেতন ও ওভারটাইম পেয়েছি। কিন্তু আইন অনুযায়ী কারখানা লে অফ করলে শ্রমিকদের বাকি পাওনা পরিশোধ করতে হবে। সে অনুযায়ী শ্রমিকরা আগস্ট, সেপ্টেম্বর এবং দুই ঈদের বোনাস পায়। তা অবিলম্বে শ্রমমন্ত্রী আদায়ের ব্যবস্থা করে দিতে হবে।
তিনি বলেন, তোবা গ্রুপের এক হাজার ৬শ’ শ্রমিকের কথা বিবেচনা করে সরকার কর্তৃক কারখানা অধিগ্রহণ করে তা চালু রেখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমাদের দাবিগুলো শ্রমমন্ত্রীর কাছে, তাই এখানে যেন নৌপরিবহনমন্ত্রী মাথা না ঘামায়।
শ্রমমন্ত্রী যদি তার দায়িত্ব পালন করতে না পারে তাহলে শ্রমমন্ত্রীর পদে নৌমন্ত্রীকে বসানো হোক। এর আগে যাতে নৌমন্ত্রী শ্রমিকদের নিয়ে কোনো কথা না বলে।
এ সময় তিনি তোবার মালিক দেলোয়ারকে খুনি হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তার জামিন বাতিলের আহ্বান জানান।
শ্রমিক নেতা জহিরুল ইসলাম বলেন, অবিলম্বে শ্রমিকদের দাবি পূরণসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হয় শ্রমমন্ত্রী পার পাবেন না। কোনো চক্রান্ত করে লাভ হবে না। শ্রমিকদের কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি পূরণ করবে তারা।
বিক্ষোভ সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন-গার্মেন্টস শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি ইয়াছিন আলী, শ্রমিক নেতা জলি তালুকদার, মোহাম্মদ আলী, তাসলিমা আক্তার লিমা প্রমুখ।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





