ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মীর্জা আজিজ আমান ইপ্তি (২০) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে শনিবার বেলা ১২টার দিকে সাতপাই এলাকার নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত ইপ্তি সাতপাই কালীবাড়ি মোড় এলাকার মীজা আজিজুর রহমানের ছেলে ও ওই কলেজের প্রথমবর্ষের ছাত্র।
কলেজ ছাত্রলীগ নেতা দেওয়ান জনি জানান, ইপ্তি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার জানান, সকালে আধিপত্য বিস্তার নিয়ে পৌর শহরের ইসলাম মোড় এলাকার সাইফুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে আকাশের সঙ্গে ইপ্তির ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। একপর্যায়ে আকাশসহ তার সঙ্গীরা ইপ্তির গলায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইপ্তিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, জেএ





