ভেজাল নিম্নমানের ওষুধ বাজারজাতকরণ বন্ধ, ওষুধের দাম কমানোসহ ৬ দফা দাবিতে জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। এতে আটজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ছয় বিক্ষোভকারীকে আটক করেছে।

রংপুর নগরীর কাচারী বাজারে ডিসি অফিসের সামনে বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ৬ দফা দাবিতে জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের কর্মীরা দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। মিছিলকারীরা ধাওয়া দিলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এতে আটজন আহত হয়। পুলিশ মিছিল থেকে ছয়জনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এসময় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে উঠেও স্লোগান দিতে থাকে। পরে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেআই