রাজধানীর ধামরাই বাজারে অবস্থিত রিয়াজ প্লাজায় সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টাকালে র‌্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। প্রাথমিকভাবে নিহত ডাকাত সদস্যের নাম মাসুক বলে জানা গেছে।

যাদের আটক করা হয়েছে তারা হলেন- সবুজ, শিলা, রুমানা, রিয়াজ উদ্দিন এবং তাদের সঙ্গে থাকা ১০ বছরের এক শিশু। এরা সবাই গত ৩ মাস আগে ব্যাংকটির উপরের ফ্লোরে নিজেদের পোশাক কারখানার চাকরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, ধামরাই বাজারে চারতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ওই ভবনের ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা করে সংঘবদ্ধ ডাকাতেরা। এ সময় র‌্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক মেজর মাসুদের নেতৃত্বে ওই ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়।

র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ভবনের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা চালায় এবং র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে মাসুক নামের এক ডাকাত সদস্য নিহত হন। এরপর র‌্যাব সদস্যরা ওই ভবনে থাকা দুই নারীসহ ৫ জনকে আটক করে।

সাভার সার্কেল এএসপি নাজমুল আলম জানান, গত তিন মাস আগে ডাকাত সদস্যরা সোনালী ব্যাংকের ওই শাখার উপরের তৃতীয় তলার ফ্লোরটি ভাড়া নেয়। তারা নিজেদের পোশাক কারখানার চাকরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। পরে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়।

পুলিশ জানায়, তারা এর আগেও শাহজালাল ব্যাংকে ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

ওএফ