করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৫৩ জন।
গত বছরের ১৩ এপ্রিল একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল। গত ১০ মাসে করোনায় আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃত্যু এটি।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪০৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২২জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের ২১০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ১১৪ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি।
এমবি





