রাজধানীর রায়েরবাগের মিরাজনগর এলাকায় ছুরিকাঘাতে মো. শফিক (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের পরিচয় জানায়নি।
ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মেহেদি হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আটকদের জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের নাম জানা গেছে বলেও জানান তিনি।
তবে দু’টি কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের একটি সূত্র বলছে। এর মধ্যে একটি হলো স্কুলের বন্ধুদের সঙ্গে বিরোধ।
অপরটি নিহতের বোনকে দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাগের বশবর্তী হয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারেন।
এর আগে শনিবার রাত ৯টার দিকে ছুরিকাঘাতে শফিক হত্যা করে সন্ত্রাসীরা। শফিক রায়েরবাগের রইজনগর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবার নাম তাইজুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলার পূর্বশরীয়া গ্রামে।  
শফিকের বন্ধু আকাশ জানায়, রাত আনুমানিক ৯টার দিকে রায়েরবাগের মিরাজনগর মাদরাসা সংলগ্ন রাস্তার ওপর আবজাল ও রাকিব তার বুকের বাম পার্শ্বে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আকাশসহ কয়েকজন বন্ধু তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে শফিককে মৃত বলে ঘোষণা করেন।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]