কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন সুসুকা নিট লিমিটেড কারখানার শ্রমিকরা। তবে আহতদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
বুধবার (২২ জুন) দুপুর থেকে আশুলিয়ার ইয়ারপুরের সুসুকা নিট লিমিটেড কারখানায় বেতন পরিশোধের পরবর্তী তারিখ ২৮ জুন নির্ধারণ করার শর্তে আন্দোলনরত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজে যোগ দেন।
শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে বেতন-ভাতা বাড়ালেও তা কার্যকর না করে নানা টালবাহানা করে আসছিলো। এ ঘটনায় তারা মঙ্গলবার (২১ জুন) মালিকপক্ষের কাছে ফের দাবি জানালে কারখানার স্টাফরা ৪-৫ শ্রমিককে পিটিয়ে আহত করেন। এরই প্রতিবাদে শ্রমিকরা বুধবার সকালে কারখানার সামনে জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন।
এছাড়াও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত মাসের প্রায় এগারো দিনের বেতন বকেয়া রেখেছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারা কাজে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওএফ





