নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ও ডমুরুয়া ইউনিয়ন থেকে পৃথক ঘটনায় এক স্কুলছাত্রীসহ দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন- উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুচর গ্রামের জন্তুর আলীর ছেলে আবু তাহের (৪২) ও কাদরা ইউনিয়নের পুরষ্কর গ্রামের নূরুল আমিনের মেয়ে এবং স্থানীয় এম এ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নূর নাহার মালেকা (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডমুরুয়া ইউনিয়নের কানুচর গ্রামের ব্যবসায়ী আবু তাহের ও অটোরিকশা চালক আলী আকবরের বিরুদ্ধে পাশের নজির আহমদের প্রতিবন্ধী তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে এলাকায় সালিশি বৈঠক বসে। সালিশে আবু তাহের ও আলী আকবরকে আর্থিক দণ্ড এবং শাস্তির রায় দেওয়া হয়।

এতে লোকলজ্জায় আবু তাহের ঘটনাস্থলে বিষপান করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, প্রেমের সম্পর্ক নিয়ে বকাঝকা করায় মায়ের সঙ্গে অভিমান করে উপজেলার কাদরা ইউনিয়নের পুরুষ্কর গ্রামের এম এ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নূর নাহার মালেকা নিজঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সালিশি বৈঠকে আবু তাহের লোকলজ্জায় বিষপান করেছে বলে শুনেছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএইচ