রাজশাহীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর রোববার সন্ধ্যা পৌনে ৭টায় বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া আরো দুই প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবারে জণনিরাপত্তা বিঘ্নিত হবার আশংকায় রোববার সন্ধ্যা থেকে চার প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনের জন্য ব্যাটালিয়নে আর দুই প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এদিকে সোমবারের কর্মসূচিকে ঘিরে রোববার বিকাল থেকেই মহানগরীতে পুলিশের টহল জোরদার করা হয়। এর ফাঁকেই নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই তারা নির্বিঘ্নেচলে যায়।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, নাশকতা এড়াতে সোমবার ভোর থেকেই নগরীর জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হবে। সকাল থেকে প্রধান সড়কগুলোতে বিজিবির সঙ্গে যৌথভাবে টহল দেবে পুলিশ ও র‌্যাব।

তিনি আরো বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড বরদাস্ত করা হবে না।

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার আব্দুল আউয়াল ভুইয়া জানান, আজ ট্রেন নির্ধারিত সময়ে চলছে। তবে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটলে আগামীকাল সব ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

অন্যদিকে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার জানান, যেকোনো আন্দোলনে সহিংসতাকারীদের প্রধান টার্গেট থাকে যাত্রীবাহী বাস। তাই নাশকতার আশঙ্কায় রোববার সকাল থেকেই ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

এমকে