কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় সন্তোষ সরকার (৫৫) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার হাড়ং দক্ষিণপাড়া এলাকার একটি জমি থেকে শনিবার সকালে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত সন্তোষ সরকার চান্দিনা পৌরসভার হাড়ং গ্রামের যুগেশ সরকারের ছেলে।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, সকালে স্থানীয়রা একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী শিখা রানী সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় সন্তোষ বাড়ি থেকে বের হয়ে গ্রামের একটি চা দোকানে আসেন। গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
এমকে





