নিখোঁজের দু’দিন পর রাজধানীর ধানমণ্ডি লেক থেকে সুদিপ্ত দত্ত (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছেন পুলিশ।মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

সুদীপ্ত বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।তিনি ধানমণ্ডির পূর্ব রায়েরবাজার ১৬৯/১ নম্বর বাসায় তার মায়ের সঙ্গে ভাড়া থাকতেন।তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া বইকণ্ঠপুর গ্রামে।

সুদীপ্তর বাবা অসিম কুমার দত্ত জানান, তিনি সূর্যের হাসি ক্লিনিকের চট্টগ্রামের প্রজেক্ট ম্যানেজার।তিনি চট্টগ্রামেই থাকেন।রবিবার পড়া বাদ দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখার সময় সুদীপ্তর মা ছন্দা দত্ত সুদীপ্তকে বকা দেন।এরপর সুদীপ্ত ঘর থেকে বের হয়ে যায়।পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে লেকে তার লাশ পাওয়া যায়।অভিমান থেকেই সুদীপ্ত আত্মহত্যা করেছে বলে তার বাবার ধারণা।

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই