টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ (২৪ জানুয়ারি) রোববার সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রাত থেকে আটকে থাকা শত শত যানবাহন এখনো ঘাটেই আটকে রয়েছে।

দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় কনকনে শীতের মধ্যে পরিবহণ যাত্রী ও যানবাহন শ্রমিকরা পড়েন সীমাহীন দুর্ভোগে। খবর বার্তা সংস্থা ইউএনবি’র।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের এজিএম তানভির হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় কুয়াশার তীব্রতা বেড়ে গেলে পুরো নৌপথ ঢেকে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়। মাঝ নদীতে চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়াঘাটে আরো ১২টি ফেরি নোঙর করে রাখা হয়।

এছাড়া ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়াঘাটে শতাধিক যাত্রীবাহী কোচ ও তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক এবং দৌলতদিয়াঘাটে আরো তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে পড়ে।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা আরও জানান, রোববার সকাল ১০টায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি পারাপার শুরু হয়। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় পণ্যবোঝাই ট্রাকগুলোকে আটকে থাকতে হচ্ছে।

এমবি