রাজধানীতে গাড়ির কালো গ্লাস সাদা করার মেয়াদ  শনিবার (১০মে) থেকে শেষ হচ্ছে। আগামীকাল রোবাবার থেকে কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ।  কালো গ্লাসওয়ালা গাড়ি দেখামাত্র পুলিশ গাড়ি আটক করবেন। এ জন্য ট্রাফিক সার্জেন্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।  
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রাস্তায় কালোগ্লাসের মাইক্রোবাস দেখামাত্রই ট্রাফিক পুলিশ সেগুলো আটক করবে এবং নির্দেশনা না মানার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার নেবে।
তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত কালোগ্লাসের গাড়িগুলোও এরইমধ্যে সাদা করা হয়েছে।
তিনি বলেন, যারা এখনো কালোগ্লাসের গাড়ি সাদা করেন নি তারা শনিবার (১০ মে) এর মধ্যেই সব সাদা করে নেবেন। অন্যথায় রাস্তায় নামলে জরিমানা গুণতে হবে।
সম্প্রতি দেশে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় কালোগ্লাসের গাড়িগুলোকে সাদা করার পরামর্শ দেয়। একই সঙ্গে যারা এই নির্দেশ মানবেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়। আর এজন্য সময় বেঁধে দেয়া হয় ১০ মে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) খান মো: রিজোয়ান  বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১১ মে থেকে কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো। এ জন্য মাঠ পর্যায়ের ট্রাফিক সার্জেন্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]