আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন আজ রোববার।জন্মদিন উপলক্ষে বর্তমানে জাতিসংঘের ৬৯তম অধিবেশনে অবস্থানরত প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে ফুলের তোড়া উপহার দেওয়া হবে।
এ ছাড়াও বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই কার্যক্রম অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে এবং প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন এতিমখানাসহ দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবে আওয়ামী লীগ।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান।
শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। তার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়।
১৯৫৪ সালের নির্বাচনে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হওয়ার পর তার পরিবারকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি পুরান ঢাকার মোগলটুলীর রজনী বোস লেনে বসবাস শুরু করেন।
পরে তিনি যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন। আবাস স্থানান্তরিত হয় ৩ নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনে। ১৯৫৬ সাল। শেখ হাসিনা ভর্তি হন টিকাটুলীর নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে।
১৯৬১ সালের ১ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িটিতে গিয়ে পরিবার নিয়ে ওঠেন শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা মৃত্যুর দিন পর্যন্ত ওই বাড়িতেই অবস্থান করেন।
শেখ হাসিনা ১৯৬৫ সালে ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকার বকসী বাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে। ওই বছরই ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়াকালে তিনি কলেজ ছাত্রী সংসদের সহ-সভানেত্রী পদে নির্বাচিত হন।
শিক্ষাজীবনে ছাত্রলীগের নেত্রী হিসাবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবার নিহত হওয়ার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।
১৯৯৬ সালের ১২ জুনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসে।
২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর হন শেখ হাসিনা।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





