রামপুরা থানার কালী মন্দির সংলগ্ন হাতিরঝিল থেকে আবু সুফিয়ান (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে নয়টায়, রামপুরা থানা পুলিশ হাতিরঝিলের পানি থেকে সুফিয়ানের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আবু সুফিয়ান রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলো।
রামপুরা থানার এসআই আবদুর রশিদ বলেন, ‘আবু সুফিয়ান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবু বকর ভূইয়ার ছেলে। সে রামপুরার বনশ্রী আবাসিক এলাকায় তার দুলাভাই আরিফুর রহমানের বাসায় থেকে পড়ালেখা করতো।’
আবদুর রশিদ বলেন, ‘নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি আবু সুফিয়ান আজ সন্ধ্যায় হাতিরঝিলের পাশ দিয়ে একা একা হাটছিলো। অসচেতনতা বশত সে ঝিলের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা করলেও পারেনি। সাঁতার না জানায় সে পানিতে ডুবে মারা যায়।’
এমকে





