প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি সেবা পৌঁছে দিতে সরকার আরো তিনটি নতুন বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে এ তিনটি বিভাগ গঠিত হবে। সংশ্লিষ্ট জেলার মানুষের সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে এ বিভাগগুলোর সীমানা নির্ধারণ করা হবে।
বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সে অনুযায়ী সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে সরকার আরো তিনটি নতুন বিভাগ করার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, নতুন এ বিভাগগুলো গঠিত হলে মানুষের রাজধানীতে আসার প্রবণতা কমবে, বিভাগীয় সদর দপ্তরের সাথে সংশ্লিষ্ট জেলার যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সেবাকে আরো বিস্তৃত করতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, রাজধানীর সাথে দেশের অন্যান্য জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে ৪ লেনে উন্নীত করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার জন্য দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি ঢাকার সাথে রেল যোগাযোগও বাড়ানো হয়েছে।
সংসদ নেত্রী বলেন, নতুন নতুন রেল লাইন স্থাপন করা হচ্ছে। রেল মন্ত্রণালয়কেও আলাদা করা হচ্ছে। ময়মনসিংহকে পূর্ণাঙ্গ বিভাগ করা হলে সেখানে যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। বিভাগীয় হেড কোয়ার্টারের সাথে প্রতিটি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে।
জেআই





