দিনের শুরুতেই ঘন কুয়াশা ও গাড়ির বেপরোয়া গতির কারণে টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও পাবনায় সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে অর্ধশতাধিক।

শনিবার ভোর ও সকালে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে আজ ভোরে বঙ্গবন্ধু সেতুতে পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করলে দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ২ চালক দুলাল (৩০) ও শান্তি (৩২)।

আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যান সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুইট (২৪)। তিনি সদর উপজেলার মনোহরপুর গ্রামের আজমত আলীর ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জেলার আতাইকুলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে আতাইকুলার আকিজ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

আহত তিন পুলিশ সদস্যকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন কনস্টেবল আল মাহমুদ, রুহুল আমিন ও আবদুস সবুর। তারা সুজানগর থানায় কর্মরত।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে