ভোলার লালমোহন উপজেলাসহ বিভিন্ন উপজেলার বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মারধর, জখম ও বাসা-বাড়ীতে ভাংচুর চালিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে আ’লীগের নেতা কর্মীরা । বৃহস্পতিবার(২৩ফেব্রুয়ারী) সকাল ১১টায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেছেন ভোলা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

লিখিত অভিযোগের মাধ্যমে সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা জানায়, ২২ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫টায় লালমোহন সদর বাজারস্থ করিম রোডে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিনকে মারধর ও জখম করে ক্ষমতাসীন দলেে স্থানীয় নেতারা। পুলিশ আহত রিয়াজকে উদ্ধার করে চিকিৎসার জন্য না পাঠিয়ে থানায় আটকে রাখে।

এদিকে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিপন, ছাত্রদলের আ্হবায়ক জসিম, এবং যুগ্ম আহবায়ক রাসেল পাটোয়ারী সহ বিএনপির নেতা কর্মীদের বাড়ী ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে আরও বলা হয় তারা যখন হামলায় আহত হচ্ছে তারপর তাদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না। অনেক নেতাকর্মীরা গোপনে তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান লিখিত অভিযোগে আরও উল্লেখ করে বলেন, মাসুম, জুবায়ের, খোকন কমিশনার এর নেতৃত্বে আ’লীগের ক্যাডার বাহিনী ৫ ঘণ্টা ধরে লালমোহন বাজারে ও আশপাশের এলাকায় তান্ডব চালায়। এসময় পুলিশি সহায়তা চাওয়া হলেও কোন সহায়তা করেনি লালমোহন থানা পুলিশ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাসান তৌফিক রীহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিল হোসেন ওয়াদুদ, যুবদলের কেন্দ্রীয় নেতা আঃ কাদের সেলিম, ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন, লালমোহন পৌর বিএনপির সম্পাদক জহিরুল ইসলাম সুমন প্রমূখ।

 

কামরুজ্জমান শাহীন