ইটভাটা ব্যবসায়ী খায়রুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পীরগাছা উপজেলার দামুর চাকলা বাজারে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সমিতি এ হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও এ দিন খোলা হয়নি।
খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দামুর চাকলা বাজারে দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আবেদ আলী ও সোহরাব হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ৮ সেপ্টেম্বর ইটভাটা ব্যবসায়ী খায়রুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন ঢাকায় চাকরিরত পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাসেল। তিনি এখন ঢাকার পিজি হাসপাতালে মৃত্যু শয্যায়।
ওই ঘটনায় পীরগাছা থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু আট দিন অতিবাহিত হলেও পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারেনি। বরং পুলিশের রহস্যজনক ভূমিকায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
বক্তারা তিন দিনের মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুমকি দেন।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





