ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলি এলাকায় ট্রাকের চাপায় আলাউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর জের ধরে পাশের জেলা কিশোরগঞ্জের রশিদবাদ ইউনিয়নের বড়ভাগ এলাকায় ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে জনগণ।
রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে।
এলাকাবাসী জানান, আলাউদ্দিন কিছুদিন আগে নান্দাইলের জামতলি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। রাতে তিনি স্থানীয় একটি মসজিদে নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, দুর্ঘটনার পর পর স্থানীয় জনতা ট্রাকটি ধাওয়া করে কিশোরগঞ্জের বড়ভাগ এলাকায় গিয়ে আগুন দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক প্রাণনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





