বিজিবি কোনও রাজনৈতিক দলের হাতিয়ার নয় বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, আমরা দেশের সাংবিধানিক দায়িত্ব পালন করছি। আমরা দেশের জনগণের নিরাপত্তা বিধানে কাজ করছি, রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়।
শুক্রবার সকালে কুড়িগ্রাম ৪৫ বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি। বিজিবি মহাপরিচালক বলেন, ইতিপুর্বে আমার দেয়া বক্তব্য ছিল, যারা প্রেট্রোলবোমা মারে তারা সন্ত্রাসী। এটা কোনও রাজনৈতিক বক্তব্য ছিল না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যতদিন চাইবে বিজিবি মাঠে থাকবে। বিগত দিনের নির্বাচনে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে। আগামী ৩ সিটি করপোরেশন নির্বাচনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে।আমার বাহিনীর প্রতি নির্দশনা থাকবে সাধারণ জনগণ যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারে।
তিনি বলেন, বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যা বিষয়টি সারা বিশ্বের জনগণের মনে নাড়া দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজার রহমান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল জাকির হোসেন, জেলা প্রশাসক এবিএম আজাদ ও পুলিশ সুপার ডা. মো. তবারক উল্ল্যাহ প্রমুখ।
জেআই





