ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় সকাল থেকে প্রচন্ড ঝড় হয়েছে। একই সাথে বজ্রপাতে প্রাণ কেড়ে নিয়েছে কয়েক জনের।

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে জমসেদ আলী (৫০) ও রুবেল মিয়া (৩০) নামে দুই কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধারা ইউনিয়নের বালিয়াকান্দা ও করুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে একই জেলার ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে দেলোয়ার হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত দেলোয়ারের ছোট বোন রহিমা খাতুন (৯) ও ভাই বড় মোশাররফ হোসেন খানকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আহত হারুন অর রশিদ (৩২) নামে অপর এক ব্যক্তিকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা থানার কাঞ্চনপুর গ্র্রামে বজ্রপাতে হোসেন আলী (৪৭) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মন্টু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এমকে