রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রমনা পুলিশ ভবন ক্রসিং এলাকায় শুক্রবার ভোর ৫ টায় মো. শহিদুল ইসলাম (২২) ও কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ফারুক হোসেন (৩০) নামে দু’জন নিহত হয়েছেন।
শহিদুল ইসলাম পটুয়াখালী জেলার শফিকুল ইসলামের ছেলে। এদিকে ফারুক হোসেন ছিলেন একজন ট্রাক হেলপার।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, ভোর ৫টার দিকে ওই যুবককে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে কদমতলীর বাসিন্দা আবুল মিয়া জানান, ফারুক হোসেন কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় থাকতেন। রাতে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমএম





