র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতোয়াইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, র‌্যাব-১০ এর ডিএডি নাজমুল ইসলাম তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহত যুবকদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাদের দু’জনেরই পরনে শার্ট ও প্যান্ট রয়েছে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মমিনুল ইসলাম বলেন, ‘কাঠেরপুল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

র‌্যাব-১০ এর অপারেশন অফিসার খায়রুল আলম বলেন, কাঠেরপুল এলাকায় রাতে কয়েক যুবক টহলরত র‌্যাব সদস্যদের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষায় পাল্টা আক্রমণ চালায়। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

জেএ