শেরপুরে বিএসএফের গুলিতে উকিল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন সুমন মিয়া নামে আরেক যুবক।
সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ নং সীমান্ত পিলারের কাছে পানবাড়ি এলাকায় হতাহতের এই ঘটনা ঘটেছে।
নিহত উকিল মিয়ার বাড়ি উপজেলার মেঘাদল গ্রামে। বাবার নাম বঙ্গসুরুজ। অপরদিকে আহত সুমন মিয়ার বাড়ি বাবেলাকোনা গ্রামে। তিনি ওই গ্রামের বদর আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুকে ঘাস খাওয়ানোর জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ গুলি চালালে উকিল ও সুমন আহত হয়ে বাংলাদেশ সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে এলে উকিল মারা যান। খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আহত সুমনকে শ্রীবরদী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবি- বিএসএফ’র পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি ।
এএস





