পোশাক শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর বাড্ডা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় বেশ কিছু গাড়ি ভাংচুর করেছে শ্রমিকরা। পুলিশ তাদেরকে জলকামান ও ব্যাপক লাঠিচার্জ করেছে। শুক্রবার বিকালে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, বাড্ডায় তুবা গার্মেন্টেসে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। দুপুর থেকে শ্রমিকরা রাস্তায় অবস্থান করে। বিকাল পাঁচটার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে জলকামান ও ব্যাপক লাঠিচার্জ করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের গাড়ি ভাঙচুর শুরু করে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় ওই কারখানাটি তাজরীনের দেলোয়ার হোসেনের মালিকানাধীন। গত কয়েকমাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না শ্রমিকরা। কারও ২ মাসের, কারোবা ৩-৪ মাসের। চলতি মাসের ১০ তারিখে বেতন পরিশোধ করার কথা থাকলেও ১৩ তারিখ পর্যন্ত তাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি।
তানিয়া নামের এক গার্মেন্টস শ্রমিক জানান, তার তিন মাসের বেতন বাকি পড়েছে। ১০ তারিখ দেয়ার কথা থাকলেও তা দিচ্ছেন না মালিকপক্ষ। তাই নিতান্ত বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ