বগুড়ায় পেট্রোল বোমায় মালবাহী দুটি ট্রাক পুড়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাত ৮টায় বগুড়া-নাটোর সড়কের বয়রাদিঘী এলাকায় শাজাহানপুরে কার্টুন বোঝাই একটি ট্রাক (বগুড়া-ট-১১-১২১৫) পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা।
এদিকে রাত সাড়ে ৮টায় কাহালু উপজেলার বগুড়া-নওগা সড়কের পাগলাপীর এলাকায় ধানের গুড়াবাহী আরেকটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬০৯) পেট্রোল বোমা ছোঁড়া হয়।
শাজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বগুড়াগামী কাগজের খালি কার্টুন বোঝাই ট্রাকটি দুপচাঁচিয়া উপজেলাধীন আজাদ পেপার মিলে যাচ্ছিল। পথে বয়ড়াদিঘী এলাকায় পৌছালে হরতালকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাহালু থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সৌমিত কুমার কুন্ডু জানান, ধানের গুড়া নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬০৯) জেলার শেরপুর উপজেলার উদ্দেশে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে হরতালকারীরা ট্রাকে পেট্রোল বোমায় ট্রাকটি পুড়ে যায়।
জেডআই





