ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহর থেকে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

নিজেদের জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দেওয়ার অপরাধে রোববার দুপুরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা ও আবদুল লতিফের ছেলে নাজমুল হোসেন।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, কিছুদিন ধরে একটি প্রতারক চক্র ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহেশপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সম্প্রতি উপজেলা শহরে অভিযান শুরু করেছে। অভিযানের একপর্যায়ে রোববার দুপুরে শহরের একটি দোকানের সামনে থেকে সোহেল রানা ও নাজমুল হোসেনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কেএইচ