আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত মৌসুমি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনাও রয়েছে।
কমতে পারে বৃষ্টিপাত
অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাস দেশের আট বিভাগেই বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণে পার্থক্য থাকবে।
ঢাকায় সেপ্টেম্বরে ২৫০-২৮০, অক্টোবরে ১৪০-১৮০ এবং নভেম্বরে ২০-৩০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামে যথাক্রমে ৩৩০-৩৬০, ২০০-২৪০ ও ৩০-৫০ মিলিমিটার এবং সিলেটে ৩৬০-৩৮০, ১৬০-২২০ ও ২০-৪০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ময়মনসিংহে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৩১০-৩৩০, ১৬০-২১০ ও ১০-২০ মিলিমিটার; রাজশাহীতে ২৬০-২৮০, ১২০-১৪০ ও ১০-২০ মিলিমিটার এবং রংপুরে ৩৭০-৩৯০, ১৩০-১৮০ ও ৫-১৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া খুলনায় ২৭০-২৯০, ১২০-১৭০ ও ২৫-৩৫ মিলিমিটার এবং বরিশালে ৩২০-৩৪০, ২১০-২৪০ ও ৪০-৫০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩-৫ দফা তাপপ্রবাহের আশঙ্কা
আগামী তিন মাসে দেশে তিন থেকে পাঁচ দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এ সময়ে ছয় থেকে ১০ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আগস্টে বৃষ্টি কমেছে
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চট্টগ্রাম ও ময়মনসিংহে স্বাভাবিকের চেয়ে বেশি এবং সিলেট ও বরিশালে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে। অন্য বিভাগগুলোতে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের তুলনায় কম।
আগস্টে বঙ্গোপসাগরে চারটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সক্রিয় মৌসুমি বায়ুপ্রবাহ, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে। ওই মাসে সর্বোচ্চ দৈনিক ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় হাতিয়ায়।
একই সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফা মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। ২৭ আগস্ট রাজশাহীতে মাসের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এটি ঘূর্ণিঝড়ের নিশ্চিত পূর্বাভাস নয়
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তিন মাসের এই পূর্বাভাস সম্ভাব্য সামগ্রিক আবহাওয়ার চিত্র। এটি কোনো নির্দিষ্ট দিন বা এলাকায় ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ কিংবা বজ্রঝড়ের নিশ্চিত বার্তা নয়।
পরিস্থিতি অনুযায়ী নিয়মিত দৈনিক, পাঁচ দিনের, সামুদ্রিক ও ঘূর্ণিঝড়সংক্রান্ত পূর্বাভাসের মাধ্যমে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এস