স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এর আগে বাংলাদেশেও প্যারিসের মত ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলো সন্ত্রাসীরা। আর এসকল ঘটনা মুকাবেলায় দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও সজাগ রয়েছে বলে জানান তিনি।
রোববার সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১০ এর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স টেনিং কমপ্লেক্স এ তিন দিনব্যাপী ‘ফোর্থ সেমিনার অব দ্য ফোরাম ফর এ্যাডভ্যান্স ফায়ার এডুকেশন/রিসার্স ইন এশিয়া’ শীর্ষক সেমিনারের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু্জ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সবসময় এ ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এ ধরনের ঘটনা ঘটানোর জন্য সন্ত্রাসীরা আগেও চেষ্টা করেছিল। তারা অগ্নিসন্ত্রাস চালিয়েছিল।’
তিনি জানান, ২০১৩ সালের শেষে এবং ২০১৪ শুরুর দিকে সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন তাণ্ডব চালিয়েছিল। আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতার সঙ্গে সেগুলো মোকাবিলা করেছে।
মন্ত্রী বলেন, ‘এখনো আমরা সজাগ রয়েছি। আমাদের গোয়েন্দারাও কাজ করছেন।’
প্যারিসের হামলায় দুঃখ প্রকাশ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমি মনে করি, তারা মানবতার শত্রু। এরা মানুষ বলে স্বীকৃত নয়। বাংলাদেশ এ ঘটনায় ঘৃণা জানায়। পৃথিবীর লোকদের উচিত তাদের ঘৃণা ও প্রতিরোধ করা।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এ ধরনের দাঙ্গাবাজ ও জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।’
মন্ত্রী বলেন, ‘বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই তাদের সম্ভাবনা ও তাদের জ্ঞানকে যথেষ্ট সম্প্রসারিত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়ায়।
সেমিনারে বাংলাদেশসহ জাপান, কোরিয়া, ভিয়েতনাম ও তাইওয়ান অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রমুখ।
এআই





