পিরোজপুরের মঠবাড়িয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতিমা আক্তার ইতিকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় হত্যাকারীদের অবিলম্বে ফাঁসির দাবিতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন।
রোববার বেলা ১১টায় উপজেলার ৯টি স্থানে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক প্রাথমিক বিদ্যালয়, ৬০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এবং ৭টি কলেজের প্রায় ২০ সহস্রাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এতে অংশ নেন। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থায়ী এ মানববন্ধন চলাকালে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রধান মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মঠবাড়িয়া পৌরসভার মূল সড়কে। মানববন্ধনে ইতির ধর্ষক ও হত্যাকারী স্বপন ও সুমনের ফাঁসির দাবি জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন : মঠবাড়িয়া সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক মোস্তফা জামান খান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, নান্না পোদ্দার, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও এনজিও প্রতিনিধি।
গত ৫ অক্টোবর মঠবাড়িয়ার বুখইতলা গ্রামের বান্ধবপাড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ থেকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় দুই বখাটে স্বপন ও সুমন তাকে ধর্ষণ করে পরে গলা টিপে হত্যা করে লাশ গ্রামের একটি বাগানে ফেলে রাখে।
ওই ঘটনায় এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মুখে অভিযুক্ত দুই বখাটেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. ফুল মিয়া বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
জেআই





