নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে জয়কৃষ্ণপুর এলাকায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রশাসনিক তদন্ত কমিটির তদন্তে উঠে আসায় প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বেগমগঞ্জ থানার ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো: আলমগীর হোসেন।

তিনি বলেন, ওসি হারুনকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

গত ০৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর নির্যাতনের বিষয়টি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওর বিষয়টি ৩২ দিন গড়ালেও কেন বেগমগঞ্জ থানার ওসি হারুন জানলো না তা গণমাধ্যম ও আইনশৃংখলা সভায় উঠে আসায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। এছাড়াও বিষয়টি পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবি নজরে কেন এল না, তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকায় এক নারীর (৩৬) সঙ্গে তার স্বামী দেখা করতে তার বাবার বাড়িতে আসেন। বিষয়টি দেখে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

এরপর গত ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় বিভিন্ন মহলে বেগমগঞ্জ থানা প্রশাসন ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে।

এমবি