১৪ মাস পর অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত রাষ্ট্রদূত বার্নিকাট। এসময় তিনি প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে তার দেশ সর্বাত্মক সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান অনেক সংগ্রাম করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা সংরক্ষণে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বৈঠকের বরাতদিয়ে সাংবাদিকদের এ তথ্যদেন।

আলোচনা চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন- তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও সিনিয়র সচিব আবুল কালাম আজাদ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত রাষ্ট্রদূত বার্নিকাট প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতি বদ্ধ। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় তারা সহযোগিতা করে যাবে।

 

তিনি বলেন, দুই দেশের মধ্যে সত্যিকারের অংশীদারিত্বের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, একটি দেশের নয়, আঞ্চলিকভাবে এবং সামগ্রিকভাবেই উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জাতীয় সংসদ অধিবেশন কক্ষে সংসদের ফ্লোরে ঘণ্টা খানেক উপস্থিত ছিলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সেখানে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য উপস্থাপন করেন।

এএইচ