ঝিনাইদহে সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও ছেলে।
আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা গ্রামীন ব্যাংক কর্মকর্তা সেলিম রেজা (৩৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১১)। হরিণাকুণ্ডু উপজেলার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের ৫ম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা নিজে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মাগুরা থেকে ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামে ফিরছিলেন।
ঘটনাস্থলে আসামাত্র বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, আহত সেলিম রেজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহত স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এএস





