প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বিগত দিনে বলেছিলেন- আমি প্রধানমন্ত্রী তো হতেই পারবো না, বিরোধী দলীয় নেতাও হতে পরবো না। এখন তিনি (খালেদা) কী হয়েছেন। এবার তিনি সমাবেশ করে করে বলছেন- আমি আর ক্ষমতায় আসতে পারবো না। যে যা বলে বলুক, তাতে কিছু যায় আসে না। শকুনের দোয়ায় গরু মরে না।

সার্ক শীর্ষ সম্মেলন ও মালয়েশিয়া সফরে অর্জন সম্পর্কে জানাতে শুক্রবার বিকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাংলাদেশে গণহত্যা নির্যাতন করেছিলো, তার জন্য তারা এখন পর্যন্ত ক্ষমা চাননি। এ অবস্থায় তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত রাখবেন কী না- এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্কভূক্ত দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়। এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম। সেক্ষেত্রে এবারের সার্ক শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দুই দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় সার্ক শীর্ষ সম্মেলন সফল হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিক সাবান মাহমুদ প্রশ্ন করেন, বিএনপি নেত্রী সরকারের বিরুদ্ধে সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী ও কয়েকজন আমলাকে নিয়ে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে- এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কী না।

এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে খালেদা জিয়াকে বলি রাতের এই অভিসার বাদ দিয়ে, যা কিছু করেন দিনের বেলা করুন।

দুর্নীতিতে দেশ দুই নম্বর পিছিয়েছে এ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, টিআইবি পারলে কোন সেক্টরে কিভাবে দুর্নীতি হচ্ছে তা বের করুক।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে জোট সরকারের আমলে যে পরিমান দুর্নীতি হয়েছে তার রোধ করা এক দিনে সম্ভব নয়।

প্রবৃদ্ধি বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, সে মুহূর্তে দুর্নীতিতে দেশ পিছিয়েছে বলে রিপোর্ট দিয়েছে টিআইবি। এ সময় তিনি বলেন, যারা রিপোর্ট করেন, এর সাথে যারা জড়িত তাদের সম্পদও খতিয়ে দেখা হবে।

জেএ