গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চার বোতল ভারতীয় মদসহ ওই বাসের হেলপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে মদগুলো জব্দ করা হয়।
এ সময় ওই বাসের হেলপার আজিজ মোল্যাকে (১৮) আটক করেছে পুলিশ। সে শহরতলীর পুলিশ লাইন এলাকার আলম মোল্যার ছেলে।
ডিবি পুলিশ জানায়, রাতে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী বিশ্বাস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
পরে বাসের চালকের সিটের নিচ থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় বাসের চালক পালিয়ে গেলেও বাসের হেলপার আজিজকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
এআর





