জেলার মিরপুর উপজেলায় ট্রাকের চাপায় ভ্যানচালক শাহজাহান (৫০) ও তার শ্যালিকা ফরিদা খাতুন নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকের স্ত্রী বানু খাতুন আহত হয়েছেন।
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখড়িয়ায় শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরতলীর কানাবিলের মোড় থেকে শাহজাহান প্রামাণিক নিজ ভ্যানযোগে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে দৌলতপুরে শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখড়িয়ায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক ভ্যানকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক শাহজাহান ও শ্যালিকা ফরিদা খাতুন ঘটনাস্থলেই মারা যান। শাহজাহানের স্ত্রী বানু খাতুন আহত হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়লে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জেআই





