সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে হাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৫৩ জন হাজি। আহত হয়েছেন আরও ৭১৯ জন।

সৌদি সিভিল ডিফেন্স সার্ভিস হতাহতদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে জানিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধারে ২২০টি এম্বুলেস কাজ করছে। হাজিদের উদ্ধারে বা নিরাপদে সরিয়ে নিতে ঘটনাস্থলে রয়েছে ৪ হাজার উদ্ধার কর্মী।

এদিকে হাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিনার শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রসঙ্গত, পবিত্র শহর মক্কা থেকে ৩ মাইল দূরে মিনায় হজের প্রধান আনুষ্ঠানিকতার শেষ পর্ব শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় এ দুর্ঘটনা ঘটে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মুসল্লি সৌদি আরবে হজব্রত পালনে গেছেন।

কেএইচ