ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য বজলুল হক হারুনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে এক কোটি টাকার চেক প্রতারণার এ মামলা করেন।

ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি এমপি বজলুল হককে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এস এম শওকত হোসেন মিয়া জানান, এর আগেও বাদী আসামির বিরুদ্ধে আরো একটি এক কোটি টাকার চেক প্রতারণার মামলা দায়ের করেছেন। ওই মামলায় বজলুল হক আদালত থেকে জামিন নেন। মামলাটি ঢাকার বিশেষ জজ ১০ নম্বর আদালতে বিচারাধীন রয়েছে। ২৯ নভেম্বর ওই মামলায় অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত রয়েছে বলেও জানান তিনি।

মামলায় বিচারক আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বলেও জানান আইনজীবী।

মামলার আরজি থেকে জানা যায়, সংসদ সদস্য বজলুল হক হারুন ব্যবসায়িক প্রয়োজনে বাদী খলিলুর রহমানের কাছে বিভিন্ন সময়ে টাকা ধার হিসেবে নেন। এই ধারের টাকা আংশিক পরিশোধ করার জন্য গত ২৫ সেপ্টেম্বর এক কোটি টাকার চেক দেন বজলুল হক।

এই চেকের টাকা ২৬ সেপ্টেম্বর রাজধানীর বনানীর যমুনা ব্যাংক শাখা থেকে তুলতে গেলে চেকটি ‘ডিজঅনার’ হয়। বাদী খলিলুর রহমান বিষয়টি বজলুল হককে জানালে তিনি টাকা না দিয়ে তাঁকে ঘোরাতে থাকেন। পরে আজ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী চেক প্রতারণার মামলা দায়ের করেন।
এআই