হবিগঞ্জে পত্রিকা অফিস ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) রোকেয়া আক্তারের আদালতে মঙ্গলবার দুপুরে আসামিরা উপস্থিত হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালতপাড়ায় যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ করে।

কারাগারে প্রেরিত আসামিরা হলেন, হবিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম-আহবায়ক মুর্শেদ আলম সাজন, মামুনুর রশিদ মামুন, জেলা যুবদল নেতা মর্তুজা আহমেদ রিপন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক জিকে ঝলক, মালেক শাহ, আবু ছালেক, রকি, প্রীতম, রবিউল ও সফিক মিয়া।

আসামিপক্ষে মামলা পরিচালনায় ছিলেন- অ্যাডভোকেট নুরুজ্জামান, অ্যাডভোকেট নুরুল ইসলামসহ বিএনপিপন্থী আইনজীবীরা। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর রাতে সংবাদ সংক্রান্ত ঘটনায় স্থানীয় দৈনিক লোকালয় বার্তা অফিসে হামলা ও ভাঙচুর করে যুবদল নেতাকর্মীরা। এতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল আহত হন। এরই জের ধরে ঘটনার পরদিন শহরের শায়েস্তানগর ও শহরতলীর বহুলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হন। এ ঘটনায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে।

কেএইচ