জেলার শাহজাদপুরে সমবায় সমাবেশকে কেন্দ্র করে মিল্কভিটার কর্মকর্তা ও সমবায়ীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। জেলার শাহজাদপুর মিল্কভিটার অন্তর্ভুক্ত সমবায়ীদের সমাবেশস্থলে শনিবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ১১টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৮ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সমবায়ীদের সমাবেশ চলার সময় মিল্কভিটার পরিচালক আব্দুল হামিদ লাবলুর সঙ্গে পোতাজিয়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সমবায়ীদের সঙ্গে পরিচালকদের সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধ সমবায়ীরা পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশাসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪৮ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন জানান, মিল্কভিটার চেয়ারম্যান, পরিচালকমণ্ডলী ও সমবায়ী নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
এএইচ





