অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে পুলিশের সঙ্গে সিলেটের ৫টি উপজেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) সিলেটের ওসমানীনগর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাটে পদযাত্রা এবং গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসমানীনগরসহ সীমান্তবর্তী মোট পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

সীমান্তবর্তী চারটির মধ্যে তিনটি উপজেলায় সন্ধ্যার পরও এনসিপির কর্মসূচি চলায় নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচির সুরক্ষায় বিজিবি চাওয়া হয়েছে।

সিলেটের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বাংলানিউজকে বলেন, ‘এনসিপির নেতারা সিলেটের ৫টি উপজেলায় (ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এনসিপি নেতারা পদযাত্রা করবেন। শৃঙ্খলার স্বার্থে পোশাকে-সাদা পোষাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন চেয়েছে জেলা প্রশাসন।’

তিনি বলেন, ‘কয়েকটি স্থানে সুর্যাস্তের পর কর্মসূচি হবে। এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়াতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় পোষাকে-সাদা পোষাকে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে।’

এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবার ও শুক্রবার জেলার ৫টি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বেলা তিনটায় কানাইঘাট উপজেলা ও সন্ধ্যা সাতটায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পর্যায়ক্রমে বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় জুলাই পদযাত্রা কর্মসূচি হওয়ার কথা রয়েছে।’

এনএইচ