সাতক্ষীরা সদর উপজেলার কুশাখালী সীমান্তের একটি পাটক্ষেত থেকে আমলগীর গাজী নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে কুশখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। আলমগীর গাজী কুশখালী গ্রামের ময়না গাজীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আলমগীর গাজী তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

পরে আলমগীর গাজীর পরিবারের লোকজন তাকে বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেন।

রোববার সকালে কুশাখালী সীমান্তের একটি পাটক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এমদাদ শেখ জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

কেএইচ