বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

এ সময় পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে আহত হন অন্তত তিনজন।

শনিবার বিকেলে সাভারের রাজ ফুলবাড়িয়ার এস এন শিপ নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে বিকেল থেকেই বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে এসে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

পরে পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, শ্রমিকরা দাবি-দাওয়া আদায়ে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করুক। তাতে আমাদের আপত্তি নেই। তবে ঈদের আগে মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি চলতে দেওয়া যায় না।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ