বগুড়ায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, বিদেশী পিস্তল এবং মাদকদ্রব্যসহ ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন উপজেলা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযানে বগুড়া সদর থেকে ৩৬ জন, শিবগঞ্জ থেকে আটজন, সোনাতলা থেকে চারজন, গাবতলী থেকে ছয়জন, ধুনট থেকে আটজন, শেরপুর থেকে সাতজন, নন্দীগ্রাম থেকে দুইজন, আদমদিঘি থেকে ১০ জন, দুপচাঁচিয়া থেকে ১০ জন, সারিয়াকান্দি থেকে ছয়জন, কাহালু থেকে চারজন এবং শাজাহানপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। আর শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়ায় নায়েব আলী (৩৮) নামে একজনের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ও মিডিয়া সেলের সমন্বয়কারী উজ্জল কুমার রায় জানান, জেলার বিভিন্ন থানায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশেষ অভিযান চলে। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই বিভিন্ন ধরনের নাশকতা, ভাঙচুর, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক মামলার আসামি।

তিনি আরও জানান, আটক করা একজনের স্বীকারোক্তী মতে জেলার শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া থেকে একটি বিদেশী পিস্তলসহ নায়েব আলী (৩৮) কে আটক করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাদকদ্রব্যর মধ্যে রয়েছে, ৯ গ্রাম হেরোইন, ৩৮টি ইয়াবা, ৫০ বোতল চার লিটার ওজনের ফেন্সিডিল ১৪৫ ভারতীয় শাড়ি, ৭৭টি হরলিক্স, ২৫০ ভারতীয় পটকা ও দুইটি রাম দা।

এএইচ