কুষ্টিয়া সীমান্তে আগ্রাসী হয়ে উঠছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে হত্যা, নির্যাতন এমনকি হরহামেসা ধরে দিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বাড়ছে।
সর্বশেষ গত ৩১ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়।
চল্লিশপাড়া সীমান্তের ১৫৭/১৫ আর পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন-চল্লিশপাড়া গ্রামের সোলেমানের ছেলে বাবু শেখ (২৪) ও একই গ্রামের হানিফ মিয়ার ছেলে কাসেম (২৩)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ান কমান্ডার আবুল কালাম আজাদ জানান, সোমবার রাতে বাবু ও কাশেম সীমান্ত পার হয়ে ভারতের জলঙ্গী থানা এলাকায় গরু আনতে যান। ভোরে তারা গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় সীমান্ত পার হলে ৪৩ বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ঘটনাস্থলেই বাবু শেখ ও কাশেম গুলিবিদ্ধ হয়।
ওই অবস্থায় তারা কিছুদূর আসার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক তাদের রেফার্ড করলে স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গত ২৯ মার্চ রোববার সকালে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে জামরুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিক আটক হয়। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের বিপরিতে ভারতীয় ভূখন্ড থেকে তাকে আটক করে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, উপজেলার রামকৃষ্ণপুরর ইউনিয়নের চরপাড়া গ্রামের জানু মন্ডলের ছেলে জামরুল ইসলাম ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ১৫৭/১-এস সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর সীমান্ত দিয়ে ভারত ভূ-খন্ডে প্রবেশ করে। এসময় ভারতের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিজ ক্যাম্পে নেয়।
খবর পেয়ে চিলমারী বিজিবি কোম্পনীর অধিনায়ক সুবেদার রাকিব তাকে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ১৫৭/১-এস সীমান্ত সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে পতাকা বৈঠক শেষে আটক বাংলাদেশীকে ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করার কথা জানায় বিএসএফ।
গত ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপজেলার চিলমারী ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলার রামকৃষ্ণপুরর ইউনিয়নের সোনাতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (২৩) ও ইকবাল হোসেনের ছেলে বাপ্পারাজ (২২) ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশে ৮৫/১০-আর সীমান্ত পিলার সংলগ্ন ছলিমেরচর সীমান্ত দিয়ে ভারত ভূ-খন্ডে প্রবেশ করে।
এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের আটক করে নিজ ক্যাম্পে নেয়। খবর পেয়ে চিলমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফেরত চেয়ে বিএসএফর নিকট পত্র দেয়।
ইআর





