নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রলীগের বাধার মুখে বিএনপির ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে।
শুক্রবারের এই ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের উপস্থিত থাকার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জিনারদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ইফতার মাহফিলের প্যান্ডেল তৈরির সময় থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ভাংচুর করে।
পরে শুক্রবারের ইফতার মাহফিল স্থগিত করেন উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী।
এ বিষয়ে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে দুদলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে আমি আমি ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতৃবৃন্দকে অনুষ্ঠানটি অন্যত্র করার জন্য অনুরোধ করি। তারা অনুষ্ঠানটি অন্যত্র করতে অপরাগতা প্রকাশ করে।
বৃহস্পতিবার রাতে জিনারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারা বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১৪ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক নাসির মাস্টার, যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, থানা যুব দলের সাধারণ সম্পাদক হুমায়ন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার ও থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাছুম খান।
ইফতার মাহফিলের প্যান্ডেল ভাংচুরের নিন্দা জানিয়ে পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী জানান, বৃহস্পতিবার আমাদের প্যান্ডেল ভেঙে উল্টো তারাই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তাই শুক্রবারের ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে।
জেড





