রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে রানী (২০) নামে এক গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী সাহেব আলীকে আটক করেছে পুলিশ।
নিহত রানী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের জি ব্লকে থাকতেন।
বুধবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম।
আটক সাহেব আলী পুলিশের কাছে বলেছেন, পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
নিহত গৃহবধূর ভাই জনি মিয়া জানান, এক বছর আগে তার বোনের প্রথম স্বামী সাবির হোসেনের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর ভালোবেসে বিয়ে করেন সাহেব আলীকে। তার বোনের প্রথম পক্ষের তিন বছর বয়সের একটি ছেলে রয়েছে। সেই ছেলেকে সাথে নিয়ে তারা থাকতেন। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, দুপুরে সাহেব আলী তার বোনকে ঘরের ভেতর আটকে রেখে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এর পর পালিয়ে যাওয়ার সময় এলকাবাসী সাহেব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এমএম





