ঝিনাইদহে বাসের ধাক্কায় রাহুল ইসলাম রাতুল (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রান্ত নামে আরও একজন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হরিনাকুন্ডু উপজেলা কাপাশহাটিয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল হরিনাকুন্ডৃ উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, বুধবার সকালে একটি বাস হরিনাকুন্ডু থেকে যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথে কাপাশহাটিয়া গ্রামের বটতলা এলাকায় বাসটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহুল নিহত হন। এসময় আহত হন তার সঙ্গে থাকা প্রান্ত। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এমবি